থিংক, হ্যাক, সলভ স্লোগানে আগামী ২৮-২৯ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে তথ্যপ্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার প্রতিযোগিতা ন্যাশনাল হ্যাকাথন অন ফ্রন্টিয়ার টেকনোলজিস। অগ্রজ ও হালনাগাদ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্বাচিত সমস্যার সমাধানে সারা দেশ থেকে নির্বাচিত ৫০টি দল মূল হ্যাকাথনে অংশ নেবে।
অনলাইনে নিবন্ধনের মাধ্যমে হ্যাকাথনে অংশ নিতে পারবেন আগ্রহী ব্যক্তিরা। আগামী ৩১ জানুয়ারির মধ্যে
এই লিংকে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনকারীর উদ্ভাবনায় এআই, ব্লকচেইন, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, মেশিন লার্নিং, রোবটিকসের মতো প্রযুক্তি যুক্ত থাকতে হবে।
আবেদনকারীদের মধ্যে নির্বাচিতদের থেকে সেরা ১০টি উদ্ভাবনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। বিজয়ী ১০টি টিমকে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টেক মাহিন্দ্রা লিমিটেডের মেকারস ল্যাবে গবেষণা ও প্রযুক্তি সহায়তায় মনিটরিং ও প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে উদ্ভাবনী প্রকল্পটি ম্যাচিউর করার জন্য প্রয়োজনীয় বিনিয়োগ করা হবে।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প বা স্টার্টআপ বাংলাদেশ-আইডিয়ার উদ্যোগে এ হ্যাকাথন আয়োজিত হচ্ছে।